একতার জন্য প্রার্থনা (#8412)

হে আমার প্রভু। হে আমার প্রভু। তোমার সেবকগণের অন্তরসমূহ একতাবদ্ধ কর, এবং তাহাদের নিকট তোমার মহান উদ্দেশ্য ব্যক্ত কর, তাহারা তোমার আদেশাবলী অনুসরণ করুক এবং তোমার বিধান পালন করুক। হে প্রভু, তাহাদের উদ্যোমে তাহাদিগকে সাহায্য কর, এবং তোমার সেবা করিতে তাহাদিগকে শক্তিদান কর। হে প্রভু তাহাদিগকে নিজেদের হস্তে ছাড়িয়া দিও না, বরং জ্ঞানের আলোকে তাহাদের পদক্ষেপগুলি পরিচালিত কর এবং তোমার ভালবাসা দ্বারা তাহাদের অন্তর উৎসাহিত কর। সত্য সত্যই, তুমি তাহাদের সাহায্যকারী ও তাহাদের পরম প্রভু।

-Bahá'u'lláh
-----------------------

একতার জন্য প্রার্থনা (#8417)

বলঃ কোন ব্যক্তি ন্যায়-বিচার ব্যতীত তাহার প্রকৃত মর্যাদা অর্জন করিতে পারিবেনা। একতা ব্যতীত কোন শক্তির অস্তিত্ব থাকিতে পারে না। পরামর্শ ব্যতীত মঙ্গল ও সমৃদ্ধি অর্জিত হইতে পারিবে না।

-`Abdu'l-Bahá
-----------------------

একতার জন্য প্রার্থনা (#8418)

ঈশ্বর করুন, যেন সমগ্র বিশ্ব একতার আলোকে সম্পূর্ণরূপে আবৃত হয়। ঈশ্বরের রাজত্ব, এই সীলমোহরটি যেন ইহার সকল বসবাসকারীর ললাটে অঙ্কিত হইয়া যায়।

-`Abdu'l-Bahá
-----------------------

একতার জন্য প্রার্থনা (#8414)

হে আমার আল্লাহ্! হে আমার আল্লাহ্! সত্য সত্যই আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি এবং তোমার পবিত্র প্রাঙ্গনের সম্মুখে সানুনয় আবেদন করিতেছি, যেন এই সকল আত্মার উপর তোমার করুণারাশি অবতীর্ণ হয়। বিশিষ্টভাবে তাহাদিগকে তোমার অনুগ্রহ ও তোমার সত্য প্রদান কর। হে পরম প্রভু, অন্তরসমূহ মিলিত কর এবং ঐক্যসূত্রে আবদ্ধ কর, সকল আত্মাকে একই সমন্বয়ে মিলিত কর এবং তোমার পবিত্রতা ও একত্বের নিদর্শনসমূহের দ্বারা আত্মাসমূহকে প্রাণবন্ত কর। হে পরম প্রভু। তোমার একত্বের আলোক দ্বারা এই সকল আননকে উজ্জ্বল কর। তোমার রাজত্বের সেবা কার্যে তোমার সেবকদের কটিদেশ শক্তিশালী কর। হে পরম প্রভু। তুমি অসীম দয়ার অধিকারী। হে ক্ষমা ও মার্জনার পরম প্রভু। আমাদের পাপ ক্ষমা কর, আমাদের ত্রুটিসমূহ মার্জনা কর এবং তোমার অনুকম্পার রাজত্বের দিকে, তোমার শক্তি ও ক্ষমতার রাজত্বের নিকট সাহায্য প্রার্থনা করিয়া তোমার পবিত্র প্রাঙ্গনে বিনীতভাবে এবং তোমার প্রমাণসমূহের প্রভার সম্মুখে বিনম্রভাবে ফিরিতে দাও। হে পরম প্রভু আল্লাহ্ । আমাদিগকে সমুদ্রে তরঙ্গরাশির সদৃশ, উদ্যানের পুষ্পরাজির ন্যায় একতাবদ্ধ কর, তোমার প্রেমের দানসমূহের মধ্য দিয়া ঐক্য সূত্রে মিলিত কর। হে পরম প্রভু। তোমার একত্বের নিদর্শনাবলীর মাধ্যমে আমাদের বক্ষগুলি বিস্তৃত কর এবং মানবজাতির সকলকে প্রভার একই উচ্চস্থান হইতে দীপ্তিমান তারকাপুঞ্জের সদৃশ কর, যেন তাহারা তোমার জীবন বৃক্ষের উপরিস্থ পূর্ণাঙ্গ বর্ধমান ফলসমূহ। সত্য সত্যই, তুমি সর্ব শক্তিমান, স্বয়ং-সত্তাশীল, দাতা, ক্ষমাশীল, মার্জনাকারী, সর্বজ্ঞ, একক সৃষ্টিকর্তা।

-`Abdu'l-Bahá
-----------------------

একতার জন্য প্রার্থনা (#8416)

মানবজাতির মধ্যে একতার পতাকা উন্নীত কর। হে প্রভু! হে ঈশ্বর মহান শান্তি প্রতিষ্ঠিত কর। হে প্রভু, সমস্ত মানব হৃদয়কে মিলিত করে এক করে দাও।

-`Abdu'l-Bahá
-----------------------

